রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো ফুলবাশি রানী (৩৪) এবং মেয়ে সুমি রানী (১১)। গতকাল শনিবার কামরাঙ্গীর চরের নয়াগাঁও এলাকার ৩ নম্বর গলির তুলা গাছতলায় একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
প্রতিবেশীদের দেওয়া তথ্যে পুলিশ লাশ উদ্ধারের সময় ফুলবাশি রানীর স্বামী গৃহকর্তা মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও আরেক কন্যা ঝুমা রানীকে (১৪) জীবিত উদ্ধার করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ সময় মুকুন্দ চন্দ্রকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। তাঁকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝুমা পুলিশকে জানিয়েছে, ভোরে ঘুম ভাঙলে সে তার বাবাকে দেখেছে ছোট বোনের গলায় পলিথিন পেঁচিয়ে রাখতে। আর সকালে ঘুম ভাঙলে মা ও বোনের লাশ খাটে এবং বাবাকে মেঝেতে বসে থাকতে দেখে ঝুমা। দুজনের গলায়ই আঘাতের চিহ্ন দেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দড়িসহ কিছু আলামত উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ক্রাইম সিন ইউনিট।
ফুটপাতের সবজি বিক্রেতা মুকুন্দর সংসারে করোনাকালের অনটনে কলহ চলছিল। আলামত দেখে পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, মুকুন্দ তাঁর স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ছারপোকা মারার ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি হত্যার পেছনে মুকুন্দ ছাড়া অন্য কেউ আছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেন, ‘দুজনের লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে মুকুন্দ ও তার বড় মেয়ে ঝুমাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। গত রাতে মা ও দুই মেয়ে খাটে ঘুমানো ছিল, আর মুকুন্দ মেঝেতে ঘুমিয়ে ছিল। ভোরের দিকে বড় মেয়ে একটা কিছু দেখেছে বলে পুলিশকে জানিয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিষয়টি বলা যাচ্ছে না।
কামরাঙ্গীর চর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত দুজনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর স্বামী মুকুন্দ ছারপোকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে বর্তমানে মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা অভিযোগ করলে হত্যা মামলা দায়ের করা হবে।
Leave a Reply