গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকায় সংরক্ষিত বনভূমিতে জবরদখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার মনিপুর, নয়া পাড়া, বেগমপুর, বিকেবাড়ি এবং বিটের ডগরী গ্রামের বনভূমিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গাজীপুর সদর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই গাজীপুর সদর রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চল বনভূমি জবরদখল করে অসংখ্য অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনাঞ্চল বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৫ আগস্টের পর বনাঞ্চলের বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, গত ৫ আগস্টের পরপরই সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। জবরদখল মুক্ত হয়েছে বনভূমির বিস্তীর্ণ ভূমি। অভিযানে সহযোগিতা করেছে প্রায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
অভিযানে নেতৃত্ব দেন- গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ। অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার এবং বন বিভাগের চার শতাধিক সদস্য প্রমুখ।
Leave a Reply