ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বৃহৎ অ্যাপার্টমেন্ট ব্লকসহ কয়েক ডজন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। সোমবার (১৬ জুন) রাতব্যাপী এ হামলায় একজন মার্কিন নাগরিকসহ ১৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে ৪৪০টিরও বেশি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি কিয়েভের ধ্বংসযজ্ঞকে “সবচেয়ে ভয়াবহ” হিসাবে বর্ণনা করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাতব্যাপী হামলার সময় রাজধানীর প্রায় ২৭টি স্থানে আঘাত হানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো। ই্উক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এসব হামলায়।
কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় একটি নয় তলা আবাসিক ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একটি অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, রুশ হামলায় কিয়েভে ১৪ জন এবং দক্ষিণ ইউক্রেনের ওডেসায় আরও একজন নিহত হন। এছাড়া রাজধানী এবং নিকটবর্তী অঞ্চল, ওডেসা এবং উত্তরে চেরনিহিভে আহত হয়েছেন প্রায় ১০০ জন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রাজধানীতে নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী একজন মার্কিন নাগরিকও রয়েছেন।
এদিকে রাশিয়ায় ড্রোন ছুঁড়েছে ইউক্রেনও। যদিও তাদের আক্রমণে বেসামরিক লক্ষ্যবস্তুতে তেমন ক্ষতি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি মস্কো অঞ্চলসহ তাদের ভূখণ্ডে ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।
Leave a Reply