বর্তমানে অধিকাংশ মানুষই শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন ব্যবহার করেন, যাতে দীর্ঘ সময় ফোন চালানো যায়। তবে, বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ব্যাটারি যদি নিয়মিত ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা হয়, তাহলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ দুটি—উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত ভোল্টেজ চাপ। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কিছুটা সহজ, যেমন চার্জ দেয়ার সময় ফোনের কভার খুলে রাখা বা অতিরিক্ত দ্রুত চার্জিং থেকে বিরত থাকা। তবে, চার্জিংয়ের সময় ব্যাটারির ওপর যে ভোল্টেজ চাপ পড়ে, তা পুরোপুরি এড়ানো সম্ভব নয়।
প্রথম ৬০ শতাংশ পর্যন্ত ব্যাটারি দ্রুত চার্জ হয়, তবে এরপর গতি ধীরে ধীরে কমে যায় এবং চাপ কিছুটা কমে আসে। মাঝে মাঝে ফোন ১০০ শতাংশ চার্জ করলেও তেমন সমস্যা হয় না, তবে নিয়মিত ১০০ শতাংশ চার্জ করলে ব্যাটারির রাসায়নিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে ব্যাটারি দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, স্মার্টফোনের ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখা ভালো। এতে ব্যাটারির ওপর ভোল্টেজের চাপ কম পড়বে এবং দীর্ঘদিন ভালো থাকবে। বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনে ব্যাটারি চার্জ সীমিত রাখার বিল্ট-ইন সুবিধা রয়েছে, যেমন স্যামসাং, ওয়ানপ্লাস ও আইফোনে এই সুবিধা পাওয়া যায়, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য সহায়ক। স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে ফোন ব্যবহারের ধরন ও প্রয়োজন অনুযায়ী চার্জ সীমিত রাখা উচিত।
Leave a Reply