প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে শহিদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। দুটি কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। এ সময় জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে।
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করার অঙ্গীকার করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
Leave a Reply