ভারতের ওড়িশায় কালিংগা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি লামসাল নামে এক নেপালি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিকের অডিও ক্লিপ নিয়ে রহস্য তৈরি হয়েছে। একে হত্যাকাণ্ড দাবি করে প্রতিবাদ করলে নেপালি শিক্ষার্থীদের জোরপূর্বক আবাসিক হল থেকে বের করে দেয়া হয়। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন জামিন পেয়েছেন। খবর এনডিটিভির।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানব সম্পদ বিভাগের মহাপরিচালক শিবানন্দ মিশ্র, প্রশাসনিক পরিচালক প্রতাপ কুমার চমুপতি এবং হোস্টেল পরিচালক সুধীর কুমার রথ। এছাড়া, দুই নিরাপত্তারক্ষী রমাকান্ত নায়ক এবং যোগেন্দ্র বেহেরাকেও গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার নেপালি শিক্ষার্থী প্রকৃতি লামসাল-এর মৃত্যুর পর বিক্ষোভের কয়েক দিনের মধ্যে সংঘটিত হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তরুণীর আত্মহত্যার নেপথ্যে রয়েছে প্রেম। ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতোমধ্যেই প্রকৃতির সাবেক প্রেমিকের ভয়ংকর অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। যেখানে চিৎকার করতে শোনা গেছে, প্রকৃতিকে অশ্রাব্য এবং নোংরা ভাষায় কথা বলছেন প্রেমিক। ইতোমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস। শুধু তাই নয়, ভারতীয় দূতাবাস নেপালি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার আহ্বানও জানিয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি বি টেক-এর তৃতীয় বর্ষের ছাত্রী প্রকৃতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। যেখানে প্রায় হাজারো নেপালি শিক্ষার্থী পড়াশোনা করেন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা দুদেশের মধ্যে স্থায়ী জনসাধারণের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দিক। ভারত সরকার ভারতে নেপালি শিক্ষার্থীদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে।
Leave a Reply