একের পর এক বিশ্বনেতার সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুরোপুরি এড়িয়ে যেতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এমন দৃশ্য দেখা গেছে, যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের ভিডিও স্পষ্ট দেখা গেছে, করমর্দনের জন্য মোদি হাত এড়িয়ে দিলেও ম্যাক্রোঁ তাকে উপেক্ষা করেন। ফরাসি প্রেসিডেন্ট অন্যান্য নেতাদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করলেও মোদির দিকে হাত বাড়াননি।
ভিডিওতে দেখা গেছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনসহ অন্য নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ম্যাক্রোঁ। তবে মোদির সঙ্গে করমর্দন না করায় বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজরে আসে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকে মত দিয়েছেন, এটি নিতান্তই অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকতে পারে। তবে এখনো ফ্রান্স বা ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক এআই সম্মেলনে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশ নেন।
এবারের সম্মেলনে উপস্থিত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, যিনি দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়েছেন। এছাড়া চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিংও ছিলেন অতিথিদের মধ্যে।
চীনের ‘ডিপসিক’ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। ফলে আসন্ন দিনগুলোতে এই খাতে বিনিয়োগ বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাব্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে যা নিয়েও উদ্বেগ রয়েছে।
Leave a Reply