প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা নিয়ে করা এক মন্তব্যের জেরে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা সৃষ্টি করেছেন তারা।
রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হতে শুরু করেন প্রতিবাদী মিছিল নিয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন তারা।
এসময় শিক্ষার্থীরা “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার”, এক দুই তিন চার, আমরা সবাই রাজাকার, শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সাধারণত রাত ১০টার পর মেয়েদের হলগুলোয় প্রবেশ প্রস্থান নিষিদ্ধ হলেও তারা বের হয়ে যোগ দেন মিছিলে। এসময় সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের গেটে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধা দেয় হল ছাত্রলীগ নেতারা। কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা মিছিলের বহর নিয়ে তাদের বের করে নিয়ে আসেন।
এই মিছিলের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়।
Leave a Reply