রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ও রাত ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক নিহত হয়।
শাহজাদাকে হাসপাতালে আনা সহকর্মী মো. রাফাতুজ জামান বলেন, তারা ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাসা মোহাম্মদপুর এলাকায়।
তিনি বলেন, রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন।
উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাদার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
এদিকে যাত্রাবাড়ী থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
তিনি ওই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করেন এবং গুরুতর আহত হওয়া ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply