সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। তবে দেশটি যেন ইসরায়েলে হামলা না চালায়, এজন্য বারবার সতর্ক করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মার্কিন ঘাঁটিতেও হামলা করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা জানান, ইরান মনে করে দামেস্কের কনস্যুলেটে যে হামলা হয়েছে সেটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। ফলে এসব হামলার সঙ্গে আর যুক্ত না হতে তাদের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এক কর্মকর্তা বলেছেন, ইরানের হুঁশিয়ারি বার্তাটি ছিল এ রকম, যারা আমাদের ওপর হামলা চালিয়েছে আমরা তাদের ওপর হামলা চালাব। তাই আমাদের ব্যাপারে কিছু বলবে না, আমরাও বলব না।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান। আর এ হামলায় ১০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে।
ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় এবং ইসরায়েল যদি ইরানের ওপর পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদের এ ব্যাপারে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা।
মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্তা দিয়েছে, তাদের কথা ছাড়া ইরানের ওপর কোনো হামলা যেন না চালানো নয়। কারণ যুক্তরাষ্ট্রের ভয় এই দ্বন্দ্বের মাঝে পড়ে যেতে পারেন মার্কিন সেনারা।
এদিকে, শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনও (ইসরায়েলে হামলায়) সফল হতে পারবে না। ইসরায়েলে কোনো হামলা নয়— ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।
উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে হামলাটি চালিয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন সাক্ষ্য ও আলামতে।
তবে দাফতরিকভাবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। কিন্তু ইতোমধ্যে এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
Leave a Reply