জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম সুজাউদ্দিন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম সুজাউদ্দিনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। আদেশে আরো বলা হয়, এ আদেশ ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় বলেন, নতুন পদে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই।
Leave a Reply