ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছে। আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে চার প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল।
কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন দেওয়া হয়।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) এক প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের তিন প্লাটুন জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।
রাত ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনে আগুনের ঘটনায় সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।
এই ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-বিমানবন্দর রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল চালু আছে।
Leave a Reply