কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম।
কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী শাহীন আক্তার বদির পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান ও রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম বলেন, বহিষ্কারের বিষয়ে এখনো কিছু জানি না। চিঠি পেলে কনফার্ম হওয়া যাবে।
গত ২০ ডিসেম্বর কক্সবাজার-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়।
Leave a Reply