গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ এ্যাড জাহাঙ্গীর আলম ফিরে পাবেন কি পাবেন না তাঁর ভাগ্য নির্ধারণের জন্য আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন বলে জানা গেছে।
মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের পর চ্যালেন্জ করা রিটের উপর মঙ্গলবার শুনানি শেষে আদালতের বিচারকগণ এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।
আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আইনজীবী এম কে রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির ও আইনজীবী সানজিদা খানম।
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম বরাবরই বলে আসছেন তাঁকে ফাঁসাতে একটি কুচক্রী মহল অডিও ভিডিওতে করা কথোপকথন সুপার এডিট করে তাঁকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ। গাজীপুর সিটির উন্নয়নের মহাযজ্ঞ থামিয়ে দিতে তাঁর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবী করেন তিনি।
এদিকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগ। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার দলীয় প্রতীকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
Leave a Reply