টঙ্গীতে র্যাবের উপর হামলা এবং সরকারী কাজে বাধা দেওয়ার ঘটনায় র্যাব সদস্যরা ১৩ কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিন করে রিমান্ড চেয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে মামলায় উল্লখ করা হয়েছে। গত বুধবার রাতে টঙ্গীর বনমালায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলম (২৪), রানা (২৩), সজল (২৭), বাবু (৩০), রফিকুল ইসলাম (২৫), মো. ইউসুফ (৩০), আসিফ (২৫), সায়েম আহম্মেদ শাওন (২৮), আসিফ শাহরিয়ার (২৬), রাজিব হাসান (৩০), সোহেল (৩০), সালাউদ্দিন (৩৫) ও নাছিম (২৯)। তাদের সবার বাড়ি টঙ্গী এলাকায়।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার বিকেলে টঙ্গীর বনমালা বিলে বেশ কিছু কিশোর দেশীয় ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অবস্থানের কথা গোপন সূত্রে জানতে পারে র্যাব। এ তথ্যের ওপর ভিত্তি করে উত্তরার র্যাব-১-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সেখানে র্যাবের উপস্থিতি টের পায় ওই কিশোর দলের সদস্যরা। পরে র্যাবের দলটির ওপর তারা হামলা চালালে র্যাবের দুই সদস্য প্রণব সিংহ ও এস এম আল মুক্তাদি আহত হন। পরে সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে র্যাবের করা এজাহারে উল্লেখ করা হয়। মামলার বাদী র্যাব-১-এর নায়েব সুবেদার রফিকুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সাহা জানান, মামলার এজার নামীয়দের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এলাকার লোকজন জানায়, বুধবার বিকেলে বনমালা এলাকায় আদালতের রায়ের বাস্তবায়েনে একটি জমির দখল বুঝিয়ে দিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় কিছু কিশোর অবৈধ সমাবেশ ঘটিয়ে আইনশৃংখা বাহিরীর সদস্যদের সরকারি কাজে বাধার সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশ এবং র্যাব সদস্যদের সাথে ওই কিশোরদের কথা-কাটাকাটি ও অশোভন আচরণের ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলায় ১৩ জনকে শনাক্ত ও ১০ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা হয়েছে। এঘটনায় ১৩ কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান ।
Leave a Reply