গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ওসিসহ আরো দুইজন পুলিশ সদস্য। গতকাল শনিবার শেষে আজ বরিবার দিবাগত (৭আগস্ট) মধ্য রাতে ২টার দিকে টহলরত অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন, ঢাকা জেলার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মনির হোসেন (২৫)। আহতরা হলেন, হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল ও পুলিশ সদস্য (ড্রাইভার) আলতাফ হোসেন (২৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ দ্রুতগামী ঢাকামুখী অজ্ঞাত একটি বাস পুলিশের টহলরত জিপগাড়িটিকে সজোড়ে ধাক্কা দেয়।
এতে জিপগাড়ি উল্টে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ সদস্য মনির হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ আরো দুইজন পুলিশ সদস্য আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বলেন, কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমিসহ আমার ড্রাইভার বাসায় আছি। নিহত মনিরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ওই ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply