গাজীপুর মহানগরের টঙ্গী ৫৫ নং ওয়ার্ড যুব মহিলালীগে সীমা নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে সভানেত্রী করে গঠিত কমিটি নিয়ে দেশের শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ এবং মহানগর জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠার পর অবশেষে গাজীপুর মহানগর যুব মহিলালীগ কর্তৃক ফেসবুকে ঘোষনা দিয়ে স্থগিত করা হয় উক্ত কমিটি। এতে করে ওই ওয়ার্ডের পদ বঞ্চিত ত্যাগী মহিলা নেত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মহানগর টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড যুব মহিলালীগের ত্যাগী ও পরিশ্রমি নেত্রীদের বাদ দিয়ে স্থানীয় এক সময়কার শীর্ষ মাদক ব্যবসায়ী, একাধিক মামলার অভিযুক্ত ও আসামী সীমাকে রহস্যজনক কারণে মহানগর যুব মহিলালীগের আহবায়ক রুহুন নেসা রুনা এবং যুগ্ম আহবায়ক আনোয়ারা সরকার আনু স্বাক্ষরিত যুব মহিলালীগ সভাপতি করে কমিটি ঘোষনা করার পর থেকে সূধী সমাজে এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এনিয়ে মূল দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে শুরু হয় মত-বিরোধ, চলে কানাঘোষা। অনেকেই মন্তব্য করেন মোটা অংকের টাকার বিনিময়ে দেয়া হয় এ কমিটি। এ কমিটি বাতিলসহ অর্থ লেনদেনের বিষয় নিয়ে বিভিন্ন তোপের মুখে পড়েন স্থানীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যদিও অর্থ লেনদেনের বিষয়টি থেকে যায় অগোচরে। এনিয়ে স্থানীয় শীর্ষ নেতা-নেত্রীদের মধ্যে একে অপরের প্রতি দোষারুপ ও কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হয়। সংবাদ মাধ্যমে মাদক ব্যবসায়ী সীমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসে গাজীপুর মহানগর যুব মহিলালীগ। গতকাল সোমবার মহানগর যুব মহিলালীগের আহবায়ক রুহুন নেসা রুনা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট দেন উক্ত কমিটি স্থগিতের, তাতে লেখা ছিলো ৫৫ নং ওয়ার্ড যুব মহিলালীগ কমিটি স্থগিত ঘোষনা ।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রীরা জানান, দলীয় নিয়ম অনুযায়ী নোটিশের মাধ্যমে উক্ত কমিটি বাতিল করা হোক, ফেসবুকে ঘোষনা দিয়ে কমিটি স্থগিত আমরা মানি না। সেই সাথে নিরপেক্ষ ভাবে যাচাই বাচাই করে দলের পরিশ্রমি ও ত্যাগীদের নিয়ে কমিটি করারও জোর দাবী জানান তারা।
এব্যাপারে গাজীপুর মহানগর যুব মহিলালীগের আহবায়ক রুহুন নেসা রুনার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করে বলেন, এব্যাপারে লিখিত ভাবে কোন নোটিশ দেয়া হয়নি। পরক্ষনেই ফোনটি বন্ধ করে দেন। এরপর তাকে আর মুঠোফোনে পাওয়া যায়নি।
Leave a Reply