সুইজারল্যান্ডের ব্যাংকে (সুইস ব্যাংক) জমা রাখা বাংলাদেশীদের টাকার পরিমাণ কমতে শুরু করেছে। ২০২০ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশী নাগরিকদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ফ্রাঁ। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৫ হাজার ২১৭ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঁ ৯২.৮৬ টাকা হিসাবে)। এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ছিল ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ (৫ হাজার ৫৮৮ কোটি টাকা)। আগের বছরের তুলনায় এই টাকার পরিমান ৭ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার সুইস ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, দেশে বিনিয়োগ না হওয়ায় সুইস ব্যাংকে অনেকেই টাকা রাখছেন। বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেকোনও ব্যাংকের পরিশোধিত মূলধন অন্তত ৫০০ কোটি টাকা হতে হয়। সুইস ব্যাংকে বাংলাদেশীদের যে টাকা এখন জমা আছে, তা অন্তত ১০টি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।
সারাবিশ্বে ধনী ব্যক্তিদের টাকা সুইস ব্যাংকে রাখার আগ্রহের পেছনে মূল কারণ দেশটির গোপনীয়তা নীতি। সুইজারল্যান্ডের আইনে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। টাকার উৎসও তারা জানতে চায় না। তবে কোন দেশের গ্রাহকদের কী পরিমাণ অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা আছে, তার একটি ধারণা প্রতিবছর এসএনবির বার্ষিক প্রতিবেদন থেকে পাওয়া যায়। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা মেনে এসএনবি ওই তথ্য প্রকাশ করলেও সেখানে গ্রাহকের বিষয়ে কোনও ধারণা পাওয়া যায় না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানতের স্থিতি ৫৬ কোটি ২৯ লাখ ফ্রাঙ্ক। আগের বছর অর্থাৎ ২০১৯ সালে যা ছিল ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঙ্ক। ২০১৮ সালে ছিল ৬১ কোটি ৭৭ লাখ ফ্রাঙ্ক। ২০১৭ সালে ছিল ৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঙ্ক। ২০১৬ সালে ৬৬ কোটি ১৯ লাখ ফ্রাঙ্ক। ২০১৫ সালে ৫৫ কোটি ০৮ লাখ ফ্রাঙ্ক। ২০১৪ সালে যা ছিল ৫০ কোটি ৬০ লাখ ফ্রাঙ্ক।
সুইজারল্যান্ডের ২৪৩টি ব্যাংকের যে হিসাব দেশটির কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে, তাতে একক দেশ হিসেবে যুক্তরাজ্যের নাগরিকদের জমা অর্থের পরিমাণ সবচেয়ে বেশি, ৩৭৭ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জমার পরিমাণ ১৫২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। তালিকায় এর পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফ্রান্স, হংকং, জার্মানি, সিঙ্গাপুর ও লুক্সেমবার্গের নাম।
Leave a Reply