নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ জয় জনসাধারণের, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এ জয় মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গকৃত।রোববার (১৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যানবাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নাসিক নির্বাচনে টানা তিনবার জয়ী আইভী আরও বলেন, আমি দল ও নেত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আমার নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যারা জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য কাজ করেছেন।আইভী আরও বলেন, আগামী পাঁচ বছর নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করব। আমার জীবনের শেষদিন পর্যন্ত তাদের জন্য উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে কাজ করতে চাই।এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।গত বছরের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী রোববার (১৬ জানুয়ারি) ছিল ভোটগ্রহণের দিন।সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ফলাফল আসতে থাকে। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন। সন্ধ্যা নাগাদই আইভীর জয়ের আভাস মিলতে থাকে। শেষ পর্যন্ত তার জয়েরই খবর আসে।ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে হয় নির্বাচন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের বিপরীতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম বা সংঘাতের অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply