আফগানিস্তানকে ২০০ মিলিয়ন ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ অর্থে খাদ্য সরবরাহ এবং করোনাভাইরাসের ভ্যাকসিনসহ অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হবে। তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রস্তুত রয়েছে বলে জানানোর পর এ জরুরি সহায়তার ঘোষণা দিল বেইজিং।বেইজিং জানিয়েছে, আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন অন্তর্র্বতী সরকার। গত সপ্তাহে আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ ঘোষণা করে অন্তর্র্বতী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, গত বুধবার আফগানিস্তানের প্রতিবেশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ত্রাণের হিসেব নির্ধারণ করা হয়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান।ওয়াং ই এসব দেশকে আফগানিস্তানকে সাহায্য করতে সহায়তার আহ্বান জানান। তিনি জানান চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি মার্কিন সেনারা আফগানিস্তানকে ধ্বংসস্তুপ বানিয়ে ছেড়েছে।তালেবান কর্মকর্তারা চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছেন। তারা মনে করেন চীনা বিনিয়োগ ও সহায়তায় পুনর্গঠিত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
Leave a Reply