বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের আজকের কার্যতালিকায় (কজলিস্টে) মামলাটি রয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য ৯ আসামির কারাদণ্ডও বহাল রাখেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।
আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেন। এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার চার সহযোগী ও গাড়িচালককে অপহরণ করা হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। একই পথে যাওয়ার সময় আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও অপহরণের শিকার হন।
অপহরণের তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক মামলা করেন।
দুটি মামলার বিচার একসঙ্গে সম্পন্ন করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল করেন। ২০১৭ সালের ২২ মে হাইকোর্টে শুনানি শুরু হয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২২ আগস্ট রায় ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নূর হোসেন, তারেক সাঈদ মুহাম্মদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ র‍্যাবের সাবেক ১১ সদস্য। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক সদস্য এবং নূর হোসেনের কয়েকজন সহযোগী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories