বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, গাড়িতে আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মহানগরীর মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনের মধ্যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলে উদ্বেগ বাড়ছে। স্থানীয় ও শিল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী শ্রমিক আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। অর্থের জোগান দিয়ে শ্রমিকদের উসকে দেওয়া এবং আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি, উৎপাদন ব্যাহত করা এবং সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকালে ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে মালেকের বাড়ি এলাকায় সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে অবস্থান করছেন। বাঘের বাজারের জেএল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ী এলাকার দুটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আগের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা বন্ধ রয়েছে।
গাজীপুর দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হলে লাখো শ্রমিকের জীবিকা, রপ্তানি বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি আন্দোলনের মধ্যে বহিরাগতদের অনুপ্রবেশ, অর্থায়ন, উসকানি ও সহিংসতার নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। শ্রমিকদের অধিকার রক্ষা এবং শিল্পাঞ্চলকে রাজনৈতিক সহিংসতা ও নাশকতা থেকে মুক্ত রাখতে প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories