বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড ও জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন।
আদেশে তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে একদিনের জন্য হেফাজতে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। রিমান্ডের বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুসরন করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ডের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর সাড়ে ১১টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই কাঁদতে থাকেন পরীমণি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
এর আগে ১৬ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমণিকে ফের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য ১৯ আগস্ট দিন ধার্য করেন।
গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
Leave a Reply