ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে মার্কিন দুই কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, একটি প্যাট্রিয়ট ব্যাটারি গত মাসে সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। অন্যটি কাতারে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার নিরাপত্তায় পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করলে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন পাশে থাকবে, এ বিষয়ে দুই দেশকে আশ্বস্ত করা।
এরই মধ্যে ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে আবারও বোমা হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেন, ইরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে, নতুবা পরিস্থিতি আরও কঠোর হতে পারে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে সৌদি ও কাতারের নেতারা ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা হলে পাল্টা আঘাত হিসেবে সৌদি ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ওই উদ্বেগ ট্রাম্পের নীতিনির্ধারণে ভূমিকা রেখেছিল এবং সামরিক হামলার পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন সামরিক অভিযান পরিচালনা করতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রয়োজন হতে পারে। তবে নিজেদের তেল স্থাপনার নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত নিশ্চয়তা না পেলে রিয়াদ এ ধরনের অনুমতি দিতে অনিচ্ছুক হতে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স কোনো মন্তব্য করতে রাজি হননি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর ধারাবাহিকতায় নতুন এ প্যাট্রিয়ট মোতায়েনের খবর এল। এর আগে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত নৌ ও সামরিক শক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছে। সূত্র: অ্যাক্সিওস ও আনাদোলু এজেন্সি
Leave a Reply