ইরানকে কোনোভাবেই বশ্যতা স্বীকার করতে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর মার্কিন হামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক লড়াই করতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়া উচিত। বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর হামলা চালানোর প্রয়োজন কেন-সে প্রশ্নও তোলেন তিনি।
পেজেশকিয়ান বলেন, আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তাদের আমাদের বীর সামরিক বাহিনীর মুখোমুখি হতে দিন। কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাবেন?
তিনি আরও প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র যদি মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে ইরানের সাধারণ মানুষকে পানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে কেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। আমাদের জনগণকে বশ্যতা স্বীকার করানো যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না। তথ্যসূত্র: প্রেসটিভি
Leave a Reply