আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এলএম ১০। কিংবদন্তি এই ফুটবলারের দুই দশকের বর্ণময় ফুটবল কেরিয়ারকে সম্মান জানাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে খেলা থামিয়ে এক মিনিটের করতালি দেওয়া হবে মেসির সম্মানে। জাতীয় দলে দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। তাই তাঁকে সম্মান জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে ম্যাচের দশম মিনিট।
পুরুষ ও মহিলা, সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতাতেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে এএফএ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
শুধু করতালিতেই শেষ হচ্ছে না আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করার পর এএফএ-র সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।
গত সোমবার ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন মেসি। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ ম্যাচ।
Leave a Reply