উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ‘৪০তম ফোবানা’কে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। কানাডার টরন্টোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে জমে উঠবে এবারের তিন দিনব্যাপী উৎসব।
এ আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। এবারের ফোবানা অনুষ্ঠিত হবে টরন্টোর ডনভ্যালি হোটেল অ্যান্ড স্যুইটসে।
সংবাদ সম্মেলনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, আয়োজক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ফোবানা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সভায় আসন্ন আয়োজনের পরিকল্পনা, ব্যবস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রস্তুতি সভায় অংশ নেয়ায় কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
তারা আরও জানান, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এবারের ফোবানা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সংগীত, নৃত্য ও বিনোদনের সমন্বয়ে তিন দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হবে।
এবারের ফোবানায় ওপেন কনসার্ট, বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় তারকাদের উপস্থিতি— সব মিলিয়ে আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকরা। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে হয়ে ৪০তম ফোবানা সফল করার আহ্বানও জানান তারা।
Leave a Reply