বিতর্কের মুখে কোণঠাসা হয়ে পড়েছেন বলিউড তারকা র্যাপার বাদশা। গত ১ মার্চ মুক্তি পাওয়া হরিয়ানভি হিপ-হপ ‘তাতেরি’ গান নিয়ে ব্যাপক আইনি জটিলতা শুরু হয়েছে। গানটিতে নারী ও শিশুদের অবমাননা করা হয়েছে―এমন অভিযোগ তুলেছে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। এ অবস্থায় গানটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া শুরু করেছে হরিয়ানা পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানা পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা ‘তাতেরি’ গানের প্রায় ৮৫৭টি ভিডিও এরইমধ্যে সরিয়ে ফেলেছে। এর মধ্যে ইউটিউব থেকে ১৫৪টি এবং ইনস্টাগ্রাম থেকে ৭০৩টি রিল ভিডিও ডিলিট করা হয়েছে।
এ ঘটনায় হরিয়ানা পুলিশের ডিরেক্টর জেনারেল অজয় সিংঘল জানিয়েছেন, নারী ও শিশুদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো কিছুতে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে অপরাধীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লক বা রেস্ট্রিক্ট করা হবে।
গানের কথা ও ভিডিওতে অশ্লীলতার অভিযোগে গত সপ্তাহে বাদশা ও গানটির নির্মাতাদের সমন পাঠায় জাতীয় মহিলা কমিশন। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, গানটি ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন এবং নারী অবমাননা বিরোধী আইনের (১৯৮৬) পরিপন্থি। এমনকি এ ঘটনায় পঞ্চকুলার সেক্টর-২০ সাইবার থানায় একটি এফআইআর করা হয়েছে।
বাদশার নতুন এই গান নিয়ে বিতর্ক শুরু হতেই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন তিনি। একইসঙ্গে জানান, সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়া হয়েছে গানটি। এরপরও প্রশাসনের কড়া নজরদারি জারি রয়েছে।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল শিবাশ কবিরাজ সতর্ক করেছেন যে, কেউ পুনরায় এই নিষিদ্ধ গানের ক্লিপ বা রিল শেয়ার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply