ট্রেনযাত্রা ঘিরে প্রেম, রাজনীতি, মজা-খুনসুটির মিশ্রণে প্রকাশ্যে এসেছে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেসের’ ট্রেইলার।
রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ করা হয়। তবে সেই অনুষ্ঠান কেবল ট্রেইলার প্রকাশের আনুষ্ঠানিকতায় বাধা থাকেনি। সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও সংশ্লিষ্টদের আড্ডাতেও রূপ নেয়।
ট্রেইলারের দৃশ্য বোনা হয়েছে চলন্ত ট্রেনের মধ্যে একদল যাত্রীর বৈচিত্র্যময় যাত্রাকে কেন্দ্র করে। যাত্রাপথের নানা ঘটনার মধ্য দিয়ে স্মৃতি, রাজনীতি ও মন্ত্রীর কবিতা পাঠ, সম্পর্ক, বিচ্ছেদ ও মানুষের আবেগের দিকটি ফুটে ওঠে। পাশাপাশি উঠে এসেছে পেশাদার দায়িত্ববোধের একটি দৃশ্যও।
মজার সংলাপের পাশাপাশি আবহ সংগীতে গিটারবাদনের ব্যবহার, বিশেষ করে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর ‘উড়াল দিব আকাশে’ গানের অংশ ট্রেইলারের আবহকে আরও আলাদা মাত্রা দিয়েছে।
অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম নিজেদের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
সিনেমায় প্রফেসর রশীদ উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যিনি একজন গণিতবিদ।
নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “আমার চরিত্রটি আপনাদের উপভোগ্য হবে। একজন গণিতবিদ, ট্রেনের জটিল সব ধাঁধার সমাধান করে বেড়াবে, আশা করছি সবাই সিনেমা হলে আসবেন।
নিজের স্বপ্ন পূরণে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।
সিনেমায় চিকিৎসক আশহাব চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কঠোর স্বভাবের মা আর জাদুপ্রিয় বাবার একমাত্র সন্তান। চিকিৎসক পেশার পাশাপাশি জাদু দেখিয়ে সবার মন জয় করেন।
আফিয়া চরিত্রে অভিনয় করা জাকিয়া বারী মম বলেন, “সুন্দর একটা উদ্যোগ তানিম নিয়েছে, কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে একটা চরিত্রে কাজ করতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। সব বয়সী,পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে সিনেমাটি দেখতে আসবেন তাহলে এই কষ্টটা আনন্দ হয়ে আমাদের কাছে ধরা দিবে।
চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণে ট্রেনযাত্রার পরিবেশই ‘আকৃষ্ট করেছে’ বলে জানিয়েছেন পরিচালক তানিম নূর।
এই সিনেমাটি বানানোর কারণ জানিয়ে তানিম বলেন, “ট্রেন সিনেমার জন্য খুবই উপযোগী একটি পরিবেশ। চলচ্চিত্রের শুরুর দিকেও লুমিয়ের ভ্রাতৃদ্বয় ট্রেনকে কেন্দ্র করে দৃশ্য নির্মাণ করেছিলেন। সেই ভাবনা থেকেই ট্রেনভিত্তিক এই গল্পটি আমাকে টেনেছে।
পরিচালকের ভাষ্যমতে, সিনেমাটি “শতভাগ খাঁটি বাংলাদেশি’ এখানে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও জীবনধারার প্রতিফলন থাকবে। সিনেমা তো একার কাজ নয়; পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় এটি তৈরি হয়েছে। সবাই খুব এফোর্ট দিয়েছেন এটি সফলভাবে তৈরি করতে।
দর্শকদের হলে গিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখার আহ্বান জানাচ্ছি আমি।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, আরেফিন জিলানী, সাবরিন আজাদ, লাবণ্য চৌধুরী, তামিম করিম, সিফাত রহমান, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
Leave a Reply