নাটকের দৃশ্য নাকি বাস্তবের উত্তেজনা, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শোবিজ অঙ্গনে। সহশিল্পীকে মারধরের অভিযোগ এনে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। অভিনেত্রী মঙ্গলবার(৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ করেন সামিয়া। আর সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেত্রী তানজিন তিশা।
লাইভে সামিয়া জানান, একটি দৃশ্যে তাকে তিশাকে চড় মারতে বলা হয়েছিল। গল্প অনুযায়ী তিশার চরিত্রটি মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন। পরিচালকের নির্দেশনা অনুযায়ী তিনি খুব হালকাভাবে চড় মারেন। কিন্তু দৃশ্যের পর নাকি তিশা পাল্টা চড় মারেন এবং সবার সামনে একাধিকবার আঘাত করেন। এতে তার গাল ও চোখ ফুলে গেছে বলে দাবি করেন সামিয়া। তিনি ঘটনার বিচারও দাবি করেন।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুটিং ও চরিত্রের প্রয়োজনে যা করা দরকার ছিল, সেটাই করেছেন
তিশা জানান, নাটকে তিনি একটি বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের প্রয়োজনে মারধর, কামড় দেওয়া বা পানিতে চুবিয়ে দেয়ার মতো আচরণ দেখাতে হতে পারে। তার ভাষ্য, স্ক্রিপ্টে যা আছে এবং চরিত্রের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই করেছি।
তিনি আরও বলেন, সামিয়ার লাইভ দেখে মনে হয়েছে যেন ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে যা সত্য নয়। নাটকটি ১৫ থেকে ২০ দিনের মধ্যে মুক্তি পাবে। তখন দর্শকরা পুরো বিষয়টি বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন তিশা। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Leave a Reply