ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন বিদ্যা সিনহা মিম। পর্দার বাইরে ব্যক্তিজীবন নিয়ে খুব একটা আলোচনায় দেখা যায় না তাকে। তবে ধর্মীয় সীমাবদ্ধতা ভুলে উৎসবে অংশ নিতে ভীষণ পছন্দ করেন তিনি। যা প্রতিবছর পবিত্র রমজান মাস এলে স্পষ্টত বোঝা যায়।
এ অভিনেত্রী প্রতি বছর রমজানে প্রিয় মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি তার। যা রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রিয়জনদের সঙ্গে ইফতার করার একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিম। এতে দেখা যাচ্ছে- ঘরোয়া পরিবেশে আয়োজন করা খাবার দিয়ে টেবিল সাজানো। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘পবিত্র রমজানের প্রথম ইফতার, আমার প্রিয় মানুষদের নিয়ে। একসঙ্গে থাকার জন্য, আশীর্বাদের জন্য এবং এই সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, জনপ্রিয় এ নায়িকা ব্যক্তিজীবনে সনাতন ধর্মের অনুসারী হলেও প্রতিবছর ঈদ যাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। এর আগে ঈদুল আজহার সময় তার কাজে সহায়তাকারীদের জন্য কুরবানিও দিতেন। যা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক মুগ্ধতা ও ভালোবাসার সৃষ্টি করেছিল।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার রিয়েলিটি শোয়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে শোবিজে অভিষেক হয় বিদ্যা সিনহা মিমের। একই বছর প্রয়াত কথ্যাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। তারপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে ২০১৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
২০০৯ সালে ‘প্রাণের প্রিয়’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পাশাপাশি ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করে আসছেন এ চিত্রনায়িকা।
Leave a Reply