দীর্ঘ-পাল্লার ড্রোন দিয়ে রাশিয়া দখলকৃত ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমানঘাঁটিতে দুইটি রুশ সু-২৭ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অপরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা দপ্তর (এসবিইউ)।
সংস্থাটি জানায়, এসবিইউর স্পেশাল অপারেশন সেন্টার ‘আলফা’র পরিচালিত দীর্ঘ-পাল্লার ড্রোন বেলবেক বিমানঘাঁটিতে হামলা চালায়। ক্রিমিয়ার সেভাস্তোপলের কাছে অবস্থিত বেলবেক রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধবিমান মোতায়েন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়।
টেলিগ্রামে দেয়া বিবৃতিতে এসবিইউ লিখেছে, ‘আলফা স্পেশাল অপারেশন সেন্টারের দীর্ঘ-পাল্লার ড্রোন বেলবেকের রুশ সামরিক বিমানঘাঁটিতে থাকা দুইটি সু-২৭ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান ট্যাক্সিওয়ের ওপর অস্ত্রসহ যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত ছিল, যা ধ্বংস করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ওই দুই বিমানের যৌথ মূল্য প্রায় ৭০ মিলিয়ন ডলার। এছাড়া বিমানঘাঁটির কন্ট্রোল টাওয়ারেও আঘাত হানায় সেখানে ফ্লাইট নিয়ন্ত্রণ ও সমন্বয় কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সাম্প্রতিক সময়ে ওই বিমানঘাঁটিতে এসবিইউর দ্বিতীয় সফল হামলা বলেও জানায় এসবিইউ।
এর আগে ১৮ ডিসেম্বর ঘাঁটিটিতে চালানো ড্রোন হামলায় শত শত মিলিয়ন ডলার মূল্যের রুশ সামরিক সরঞ্জামে আঘাত করা হয়। এতে দুটি নেবো-এসভিইউ রাডার, এস-৪০০ ট্রায়াম্ফ সিস্টেমের ৯২এন৬ রাডার, একটি প্যানসির-এস২ এয়ার ডিফেন্স সিস্টেম এবং পূর্ণ অস্ত্রসজ্জিত একটি মিগ-৩১ ক্ষতিগ্রস্ত হয়।
এসবিইউ দাবি করে, ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা এবং বিমানের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে ওই অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
Leave a Reply