লিওনেল মেসিকে এক ঝলক দেখার উন্মাদনায় কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ-প্রশাসন ও আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঠের ভেতরে মেসিকে ঘিরে অস্বাভাবিক ভিড় জমে যায়। এর ফলে গ্যালারিতে বসা বহু দর্শক প্রিয় তারকাকে ঠিকভাবে দেখতে পাননি। এই ক্ষোভ থেকেই দর্শকাসন থেকে মাঠের দিকে পানিভর্তি বোতল ছোড়া শুরু হয়।
মাত্র ২০ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। কনভয়ের মাধ্যমে তাকে দ্রুত স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রাগ ও হতাশায় দর্শকরা একের পর এক পানির বোতল ও চেয়ার ছুড়ে মারতে থাকেন। মাঠে ঢুকে পড়ে অনেক দর্শক। ছিঁড়ে ফেলা হয় মেসির পোস্টার ও ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর ব্যানার। এমনকি গোলপোস্ট ভাঙার চেষ্টার ঘটনাও ঘটে বলে অভিযোগ।
দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা মেসিকে দেখার সুযোগ পাননি। মাঠের মাঝখানে ভিড়ের কারণে গ্যালারি থেকে মেসিকে দেখা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল।
ঘটনার জেরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই গ্যালারি ফাঁকা হয়ে যায় এবং মাঠ ভরে যায় দর্শকে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সূত্র জানায়, দুপুর ২টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেসি শহর ছাড়েন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ।
Leave a Reply