বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ইন্টারনেটে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সিনেমার ঘটনাবলী, চরিত্র, বাস্তব অনুকৃতি আর গান সবকিছু নিয়েই এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ৫ ডিসেম্বর মুক্তির পরদিন থেকেই ভাইরাল হয়ে যায় ‘এফএ৯এলএ’ গানটি। আর এই গানে অক্ষয় খান্নার নাচ আর অভিনয় মুগ্ধ করছে দর্শকে। তবে এই গানটির শুটিং করতে গিয়েই বিপাকে পরেন নায়ক।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, এক সাক্ষাৎকারে গানটির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়েছেন, ভাইরাল হওয়া নাচের দৃশ্যটি মূলত অক্ষয় খন্নার তাৎক্ষণিক পারফরম্যান্স। তিনি বলেন, মূল পরিকল্পনায় অক্ষয় শুধু হেঁটে এসে সিংহাসনে বসবেন। কিন্তু দৃশ্যের আবহ দেখে নিজের মতো করে নাচ শুরু করেন তিনি। কেউই জানতো না তিনি ঠিক কী করতে যাচ্ছেন।
সিনেমার পরিচালক আদিত্য ধর লাদাখে বালোচিস্তানের পরিবেশ পুনর্নির্মাণ করেন। উচ্চতাজনিত অসুস্থতার জন্য পরিচিত এই জায়গায় শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অক্ষয় খন্না। বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকায় নাচের দৃশ্যের সময় তার অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে।
‘এফএ৯এলএ’ গানে অক্ষয় খান্নার নাচ আর অভিনয় মুগ্ধ করছে দর্শকে। তবে এই গানটির শুটিং করতে গিয়েই বিপাকে পরেন নায়ক। ছবি: বলিউড হাঙ্গামা
বিজয় গাঙ্গুলি বলেন, অক্ষয়ের সঙ্গে একটি ছোট অক্সিজেন সিলিন্ডার রাখা হতো। প্রতিটি শটের পরই তাকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয়েছিল। তবুও তিনি কোনও অভিযোগ ছাড়াই পুরো দৃশ্যটি করেছেন। তিনি আরও জানান, চাভা (২০২৫) সিনেমাতেও তিনি অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা উল্লেখ করে গাঙ্গুলি বলেন, অক্ষয় কাজের সময় সম্পূর্ণ চরিত্রে ডুবে থাকেন। সেটে তিনি কাজ ছাড়া খুব একটা কথা বলেন না; বরং ভাবেন কীভাবে দৃশ্যটিকে আরও নিখুঁত করা যায়।
বলিউডের সমালোচকদের মতে ‘ধুরন্ধর’ শুধু একটি সিনেমা নয়, এটি সাম্প্রতিক বলিউডে গল্প বলার ধরণ, চরিত্র নির্মাণ এবং প্রযুক্তিগত উপস্থাপনার এক সাহসী পরীক্ষা। বাস্তবধর্মী রেফারেন্স, শ্বাসরুদ্ধকর লোকেশন, শক্তিশালী অভিনয় এবং ভাইরাল হওয়া গান–নাচের মুহূর্তগুলো এই সিনেমাটিকে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।
Leave a Reply