ওপার বাংলার বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অনির্বাণ চক্রবর্তী বাস দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারীমুখী রাস্তা ধরে যাওয়ার সময় শনিবার (৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বড় কোনও শারীরিক আঘাত না পেলেও তার গাড়িটি ভেঙে গিয়েছে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ‘একেন বাবু’ খাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, টালিগঞ্জ ব্রিজের নিচে একটি ভলভো বাস হঠাৎ অনির্বাণের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর অনির্বাণ চক্রবর্তী জানান, তিনি এবং তার গাড়িচালক দুজনেই নিরাপদে আছেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।
লাইফ সাপোর্টে ছোট পর্দার অভিনেতা তিনু করিম
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তার গাড়ির সামনে হঠাৎ আরেকটি গাড়ি ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ রাখতে গিয়ে এ সংঘর্ষ ঘটে। অভিনেতার অভিযোগ, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং উল্টো তার ওপর দায় চাপানোর চেষ্টা করেন। পরে তিনি চালককে আটকে রেখে ঘটনার ব্যাপারে টালিগঞ্জ ও চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে। যেহেতু দুর্ঘটনায় অনির্বাণের গাড়ি চালানোর অযোগ্য হয়ে পড়ে, তাই পুলিশি সহায়তায় তাকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, অনির্বাণ চক্রবর্তী মূলত ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘একেন বাবু’ সিরিজে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী সময়ে ‘দ্য একেন’ ও এর সিক্যুয়েল সিনেমাতেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। বহুমুখী অভিনয় ও স্বতঃস্ফূর্ত হাস্যরসের কারণে তিনি এখন বাংলা বিনোদন জগতের অন্যতম প্রিয় মুখ।
Leave a Reply