দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ রূপে আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১৪) বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় (১২.৮° উত্তর অক্ষাংশ এবং ৮০.৫° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। সোমবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে। বর্তমানে এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্র থেকে দেশটির তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দূরত্ব সর্বনিম্ন ৪০ কিলোমিটার। আগামী ১২ ঘণ্টায় এটি দক্ষিণ তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর ও ক্রমেই দুর্বল হতে পারে।
Leave a Reply