সহজে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যপাক জনপ্রিয়। ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপে প্রায় সময় নতুন ফিচার যুক্ত করা হয়। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট আরও সহজ করতে আনছে নতুন একটি সুবিধা। অ্যাপটির ২.২৫.৩৪.৫ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে ‘চ্যাট ক্লিয়ারিং’ নামের এই ফিচার, যেখানে বার্তা ও মিডিয়া আগের তুলনায় অনেক সুসংগঠিতভাবে মুছে ফেলা যাবে।
নতুন ফিচারটি ব্যবহার করে কোনো চ্যাটের নির্দিষ্ট বার্তা কিংবা আলাদা মিডিয়া বিভাগ যেমন ছবি, ভিডিও, ডকুমেন্ট বা অডিও তালিকা থেকে বেছে নিয়ে মুছে ফেলা যাবে। পুরো চ্যাট ডিলিট করার প্রয়োজন হবে না, ব্যবহারকারীরা চাইলে শুধু ভারী বা অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবেন।
বেটা সংস্করণে আরও যোগ হয়েছে উন্নত বটম শিট ইন্টারফেস। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই কোন কোন ফাইল বা বার্তা মুছতে চান, তা পর্যালোচনা করে নিতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হচ্ছে রিয়েলটাইম স্টোরেজ ডিসপ্লে, যেখানে মুছে ফেলার পর কী পরিমাণ জায়গা খালি হবে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। গ্রুপ চ্যাটে যেখানে বড় আকারের ভিডিও, অডিও বা ছবি থাকে সেখানে এই সুবিধা বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি, ব্যবহার সহজ করতে ‘ক্লিয়ার চ্যাট’ অপশনটিকে চ্যাট ইনফো স্ক্রিনের নিচের অংশে সরিয়ে আনা হয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়েডের স্বল্পসংখ্যক বেটা ব্যবহারকারী এই নতুন সুবিধা ব্যবহার করতে পারছেন। ধীরে ধীরে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেওয়া হবে। পরীক্ষায় সফল হলে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
Leave a Reply