নয়াদিল্লির লালকেল্লার সামনে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন ডা. উমর উন নবি (৩৫), যিনি কাশ্মীরের পুলওয়ারার বাসিন্দা এবং হরিয়ানার ফরিদাবাদে কর্মরত চিকিৎসক।
তদন্তকারীরা জানান, বিস্ফোরণের পর গাড়ির স্টিয়ারিং ও অ্যাক্সিলারেটরের মাঝখানে আটকে থাকা একটি পা উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষায় সেই পায়ের ডিএনএ নমুনা নবি-র মায়ের নমুনার সঙ্গে মিলেছে। পুলিশের ভাষায়, ‘বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ-র সঙ্গে গাড়িতে পাওয়া পায়ের নমুনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ।’ এটি এখন পুরো ঘটনাকে ‘একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে প্রমাণ করতে সহায়ক হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
ডা. উমর ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। তার সঙ্গে কাশ্মীর থেকে গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিল গনাই ও ডা. আদিল রাঠোরের যোগাযোগ ছিল, যারা ২,৯০০ কেজি বিস্ফোরক, ডেটোনেটর ও অস্ত্র মজুতের অভিযোগে অভিযুক্ত।
পুলিশ জানায়, উমর বিস্ফোরণের ১১ দিন আগে ফরিদাবাদ থেকে একটি সাদা হুন্ডাই আই২০ গাড়ি কিনেছিলেন। গনাই গ্রেপ্তার হওয়ার পর তিনি গা ঢাকা দেন এবং রোববার রাতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পর আতঙ্কিত হয়ে ডেটোনেটরসহ দিল্লিতে পালিয়ে আসেন।
এখন তদন্তকারীরা বিস্ফোরণকে একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন এবং উমর উন নবি কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেসব খতিয়ে দেখছেন।
Leave a Reply