বর্তমান সময়ে প্রায় সব স্মার্টফোনেই ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। তাই স্মার্টফোনে ৩০ ওয়াট থেকে শুরু করে ১০০ ওয়াটের ওপর চার্জিং স্পিড এখন সাধারণ ব্যাপার। পাঁচ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা ফোনও বাজারে আছে। এত দ্রুত চার্জিং দেখে অনেকেই ভাবেন ফোন কি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে? সংক্ষেপে উত্তর সম্ভাবনা খুব কম। আর কেন তা কম, সেটাই এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হলো।
কেন ব্যাটারি সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়
স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির দুটি স্তর থাকে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ও গ্রাফাইট। ফোন চার্জ করলে আয়ন এক স্তর থেকে আরেক স্তরে যায় এবং ডিসচার্জে উল্টো দিক থেকে ফিরে আসে। এই আয়ন চলাচলের সময় ব্যাটারিতে তাপ তৈরি হয়। সময়ের সঙ্গে ব্যাটারিতে থাকা ইলেকট্রোলাইট সলিউশনের লবণ ক্রিস্টাল আকারে জমে আয়ন চলাচল বাধাগ্রস্ত করে। ফলে ব্যাটারির ক্ষমতা কমে যায়। এই ক্ষয় প্রাকৃতিক তবে অতিরিক্ত তাপ বা দীর্ঘ সময় দ্রুত চার্জিং করলে এটি দ্রুত হতে পারে।
এখনকার ফোনগুলো কীভাবে ঝুঁকি কমাচ্ছে:আগের যুগে দ্রুত চার্জিং মানেই ফোন গরম হয়ে যেত। কিন্তু আধুনিক ফোনে—
হিট শিল্ড
থার্মাল লেয়ার
কুলিং পাইপ
গেমিং ফোনে ফ্যান
এসব ব্যবস্থায় তাপ দ্রুত বাইরে বের হয়, ব্যাটারি সুরক্ষিত থাকে। এছাড়া, ফোন ফুল চার্জ হলে নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে। অ্যাডাপটিভ চার্জিং ফোনের ব্যবহার অভ্যাস অনুযায়ী ১০০ শতাংশ চার্জ হওয়ার সময় নিয়ন্ত্রণ করে। মাল্টি-স্টেজ চার্জিং প্রথমে বেশি শক্তি নিলেও শেষে ধীরে চার্জ দেয়, যাতে অতিরিক্ত উত্তাপ না হয়। অ্যাপল, গুগলসহ সব নির্মাতা নতুন চার্জিং প্রোটোকল আনছে, যা ব্যাটারির ঝুঁকি আরও কমাচ্ছে।
সব শেষে বলা যায়, দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চ ক্ষমতায় চার্জ দিলে ব্যাটারির তাপ বাড়ে এবং ক্ষয় কিছুটা দ্রুত হয়। তবে আধুনিক ফোনগুলোতে এত সুরক্ষা ব্যবস্থা থাকে যে মারাত্মক ক্ষতির সম্ভাবনা খুবই কম। ফাস্ট চার্জিং ব্যবহার করলে ব্যাটারি কিছুটা দ্রুত পুরোনো হবে এটাই স্বাভাবিক। তবে সতর্কতা মানলে ব্যাটারির ক্ষতি অনেক কম হবে।
ব্যাটারি ভালো রাখার সহজ পরামর্শ: ফোনের ব্যাটারি ভালো রাখতে যেসব বিষয় মানতে হবে:
ফোনকে বেশি গরম হতে দেবেন না
সব সময় ১০০ শতাংশ চার্জে রাখার অভ্যাস বাদ দিন
দ্রুত চার্জিং সব সময় ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন
দীর্ঘ সময় গাড়িতে বা রোদে ফোন ফেলে রাখবেন না
সব লিথিয়াম-আয়ন ব্যাটারিরই একসময় ক্ষমতা কমে যায় এটা ঠেকানো যায় না। তবে সঠিক ব্যবহারে এই প্রক্রিয়াকে ধীর করা যায়। ফাস্ট চার্জিং প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি ব্যাটারির ওপর এর কিছু প্রভাব থাকাও স্বাভাবিক। তবে আধুনিক স্মার্টফোনে উন্নত কুলিং সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট, অ্যাডাপটিভ চার্জিংসহ নানা সুরক্ষাব্যবস্থা থাকার কারণে গুরুতর ঝুঁকির সম্ভাবনা অত্যন্ত কম। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তাপ ব্যাটারির আসল শত্রু, দ্রুত চার্জিং নিজে নয়।
Leave a Reply