নেত্রকোনার মদনে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষে আহত নবাব আলীসহ (৭৫) তার ৫ ছেলে হেলিম (৩২), সেলিম (২৬), ওয়ালীউল্লাহ (২৮), ডালিম (২২), আলীম (৩০) ও প্রতিপক্ষ মানিক মিয়ার ভাই মান্নান (৩৫), হান্নান (৪০), আলমের (২৫) অবস্থা আশঙ্কাজনক। মদন হাসাপাতালের জরুরি বিভাগ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত বাসির মিয়াকে মদন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলী ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মানিক মিয়ার গোবিন্দপুর হাওরে পাশাপাশি জমি রয়েছে। রবিবার সকালে মানিক মিয়ার ভাই মান্নান জমিতে গিয়ে আইল (সীমানা) কাটলে নবাব আলীর ছেলে ডালিম বাধা দেয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ পর্যায়ে নবাব আলীর বাড়িতে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দু-পক্ষের ৯ জন রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply