ছোট ভিডিও তৈরির সহজ প্ল্যাটফর্ম হিসেবে টিকটক এখন তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় মাধ্যম। অনেকেই শখের ভিডিও বানাতে বানাতে আয়ও করছেন ভালোই। কনটেন্ট নির্মাতাদের আয় আরও বাড়াতে এবার সাবস্ক্রিপশন–ভিত্তিক আয়ের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে টিকটক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক ক্রিয়েটর সম্মেলনে টিকটক জানায়, তাদের বিদ্যমান সাবস্ক্রিপশন মডেলে নির্মাতারা এখন পর্যন্ত সর্বোচ্চ ৭০ শতাংশ আয়ের ভাগ পেতেন। নতুন নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে নির্মাতারা অতিরিক্ত ২০ শতাংশ বোনাস পাওয়ার সুযোগ পাবেন।
বোনাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন: টিকটকের তথ্য অনুযায়ী, এই বাড়তি সুযোগ পেতে নির্মাতাদের কিছু মানদণ্ড পূরণ করতে হবে—
কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে
গত ৩০ দিনে অন্তত ১ লাখ ভিডিও ভিউ অর্জন করতে হবে
নির্দিষ্ট সময়ের মধ্যে কমপক্ষে ৩টি সাবস্ক্রিপশন–নির্ভর ভিডিও প্রকাশ করতে হবে
এই শর্তগুলো পূরণ করতে পারলেই নির্মাতারা ৭০ শতাংশের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ বোনাস পেতে পারবেন।
টিকটকের এক বিবৃতিতে বলা হয়েছে, সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে নির্মাতারা একটি সক্রিয় ও অনুগত কমিউনিটি গড়ে তুলতে পারছেন। সাবস্ক্রাইবাররা মাসিক ফি প্রদান করে বিশেষ ব্যাজসহ কিছু বাড়তি সুবিধা পাচ্ছেন, আর এর বিনিময়ে নির্মাতাদের আয় বাড়ছে। টিকটকের গ্লোবাল হেড অব ক্রিয়েটর মার্কেটিং ও কমিউনিটি, মারিসা হ্যামন্ডস বলেন, নির্মাতারা যত ধারাবাহিকভাবে কনটেন্ট তৈরি করবেন, তাঁদের আয় তত বাড়বে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার নির্মাতাদের জন্যই এই নতুন আয়ের কাঠামো চালু হয়েছে। তবে টিকটক জানিয়েছে, পরবর্তী কয়েক মাসের মধ্যেই ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সুবিধা চালু করা হবে।
Leave a Reply