৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এ পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
পিএসসি প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রে। পরীক্ষার আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারেরও বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় পিএসসি গত ২১ জুলাই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করতে পারেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগেও নিয়োগ দেয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য পিএসসি কয়েকটি নির্দেশনা দিয়েছে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, এর পর আর কেউ প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা গয়না আনা নিষিদ্ধ।
২০০টি এমসিকিউ প্রশ্নের এ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক ও অতিরিক্ত সময়ের বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।
Leave a Reply