টেস্ট ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা সত্ত্বেও ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সিরিজ প্রমাণ করেছে, এই ফরম্যাটের উত্তেজনা ও জনপ্রিয়তা এখনও অটুট।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর মধ্যকার টেস্ট সিরিজ এখনও দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়ায়। কিন্তু ছোট দলগুলোর টেস্ট ম্যাচগুলো প্রায়ই প্রতিযোগিতামূলক হয়ে উঠতে ব্যর্থ হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রধান টড গ্রিনবার্গ।
আগামী অ্যাশেজ সিরিজের আর মাত্র ১০০ দিন বাকি। এই ঐতিহাসিক সিরিজ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গ্রিনবার্গ মনে করেন, টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে মনোযোগ দেওয়া জরুরি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,‘যদি আমরা দেশগুলোকে জোর করে টেস্ট খেলতে বাধ্য করি তাহলে তাদের আর্থিকভাবে দেউলিয়া করে দিচ্ছি। আমাদের নিশ্চিত করতে হবে যে, টেস্ট ক্রিকেট যেখানে খেলা হচ্ছে সেখানে এর মানে কিছু আছে। অ্যাশেজ এত জনপ্রিয় ও লাভজনক কারণ এর একটি তাৎপর্য রয়েছে।
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সহজেই টেস্ট সিরিজ জিতেছে। এতে ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিযোগিতামূলক টেস্ট ক্রিকেট নিশ্চিত করতে একাধিক ডিভিশন তৈরির প্রস্তাবও আলোচনায় রয়েছে।
কতগুলো দেশকে টেস্ট খেলার অনুমতি দেওয়া উচিত তা নিয়ে সরাসরি কিছু না বললেও গ্রিনবার্গ মনে করেন, এখনই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করা উচিত। তিনি বলেন,‘চলুন, আমরা ভেবে দেখি ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের চেহারা কেমন হতে পারে।
Leave a Reply