গুগল তাদের রিফার্বিশড অনলাইন স্টোর থেকে পিক্সেল ৬এ স্মার্টফোনটি হঠাৎ করেই সরিয়ে নিয়েছে। রিফার্বিশড স্টোরে মূলত পুরনো ফোনগুলো মেরামত, পরীক্ষা-নিরীক্ষা ও মান যাচাইয়ের পর কম দামে বিক্রি করা হয়। যদিও গুগল আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কারণ জানায়নি, প্রযুক্তি মহলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ডিভাইসটিতে অতিরিক্ত গরম হওয়া এবং কিছু ক্ষেত্রে আগুন লাগার অভিযোগের পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
পিক্সেল ৬এ-এর অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুগল কিছুদিন আগে একটি সফটওয়্যার আপডেট চালু করেছিল। এতে চার্জিং গতি সীমিত করা এবং ব্যাটারির কার্যক্ষমতা কিছুটা কমিয়ে আনার মতো পরিবর্তন আনা হয়। উদ্দেশ্য ছিল ব্যাটারির উপর চাপ কমিয়ে ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। কিন্তু অ্যান্ড্রয়েড অথরিটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আপডেট দেওয়ার পরও এক ব্যবহারকারীর পিক্সেল ৬এ ডিভাইসে আগুন লাগার ঘটনা ঘটে। ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
টেকরাডারের তথ্যমতে, পিক্সেল ৬এ-তে আগুন লাগার অভিযোগ সংখ্যায় খুব বেশি নয়। তবে বাজারে বর্তমানে এমন অনেক সাশ্রয়ী ও উন্নতমানের স্মার্টফোন আছে, যেগুলোতে এই ধরনের ঝুঁকি নেই। তাই পণ্যের সুনাম ও ব্যবহারকারীর নিরাপত্তা বিবেচনায় গুগল হয়তো ঝুঁকি এড়াতে রিফার্বিশড স্টোর থেকে মডেলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে গুগল পিক্সেল ৬-এর সাশ্রয়ী সংস্করণ হিসেবে পিক্সেল ৬এ বাজারে আনে। বাজারে আসার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞরা ডিভাইসটির ব্যাটারি লাইফকে তুলনামূলক দুর্বল হিসেবে চিহ্নিত করেছিলেন। তবে বর্তমান অতিরিক্ত গরম হওয়া বা আগুন লাগার অভিযোগের সঙ্গে সেই পুরনো ব্যাটারি সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে কি না—তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এই ঘটনায় ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। গুগল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ না খুললেও, প্রযুক্তি মহল মনে করছে ব্যবহারকারীর আস্থা পুনরুদ্ধার করতে এবং ভবিষ্যতে সম্ভাব্য বিপত্তি এড়াতে প্রতিষ্ঠানটি দ্রুতই সমস্যার সমাধান বের করার চেষ্টা করবে।
Leave a Reply