ইংল্যান্ডে এখন টেস্ট সিরিজে ব্যস্ত সময় পার করছে। ভারতীয় দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল মাস পাঁচেক আগে। তাই এই সময়ে আর মাঠে নামা হয়নি ভারতীয় ওপেনার অভিষেক শর্মার। ৫ মাসে কোনো ম্যাচ না খেললেও আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই বাঁহাতি ওপেনার।
বুধবার (৩০ জুলাই) আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অভিষেক। মূলত অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের অবনতির কারণেই কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে তার। এক ধাপ এগিয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই ব্যাটার।
এই নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে শীর্ষে ওঠার কীর্তি গড়েছেন অভিষেক শর্মা। এর আগে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণের ব্যাটারদের মধ্যে চূড়ায় উঠেছিলেন ব্যাটিং ভিনিয়াস বিরাট কোহলি। এ ছাড়া সূর্যকুমার যাদবও এই স্বাদ পেয়েছেন।
২৪ বছর বয়সী অভিষেক শীর্ষে উঠায় দুইয়ে নেমেছেন ট্রাভিস হেড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না খেলায় তার রেটিং পয়েন্ট কমেছে ৩৩। ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে আছেন এখন। তবে উন্নতি হয়েছে জশ ইংলিশের, ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে অবস্থান করছেন। এ ছাড়া ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন আরেক অজি টিম ডেভিড।
Leave a Reply