সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, ছাব্বির আহমেদ এখন হয়ে উঠেছেন বিশ্বসেরা ফুটবল তারকাদের কাছেও পরিচিত একটি নাম। ২০১৮ সালে সৌদি আরবে পাড়ি জমানো ছাব্বির বর্তমানে কাজ করছেন দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার বক্স কোম্পানিতে। তবে শুধুই পেশাগত কাজেই সীমাবদ্ধ থাকেননি তিনি, গড়ে তুলেছেন ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বের সেরা ফুটবল তারকাদের সঙ্গে।
সৌদি আরব ২০৩০ ভিশন এবং ২০৩৪ বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে ব্যাপক বিনিয়োগ করছে। এরই ধারাবাহিকতায় ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বড় বড় তারকারা এখন সৌদি ক্লাবগুলোর হয়ে মাঠে নামছেন। আল-নাসের, আল-হিলাল, আল-ইত্তিহাদ, আল-আহলিসহ শীর্ষস্থানীয় ক্লাবে এখন খেলছেন রোনালদো, সাদিও মানে, তালিস্কাসহ আরও অনেকেই।
এমনই এক খেলার সময়, কড়া নিরাপত্তার মাঝেও গ্যালারি থেকে ‘বাংলাদেশ’ বলে চিৎকার করলে ছাব্বির আহমেদের দিকে দৃষ্টি ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। তারা কাছে ডেকে নেন ছাব্বিরকে এবং জানতে চান বাংলাদেশের খবর। উত্তরে ছাব্বির জানান, বাংলাদেশে তাদের অগণিত ভক্ত রয়েছে, যারা দিনরাত চোখ রাখে তাদের খেলার দিকে। এতে উচ্ছ্বসিত হয়ে রোনালদো ও নেইমার বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেন।
ছাব্বির বলেন, ‘আমি রোনালদো ও নেইমারকে বলেছি, তারা যদি বাংলাদেশে আসেন, আমি নিজ হাতে তাদের আমার জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাব। ওনারাও আগ্রহ প্রকাশ করেছেন।’
শুধু রোনালদো-নেইমার নয়, সৌদি আরবের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ছাব্বিরের। সেইসঙ্গে আল-হিলাল, আল-ইত্তিহাদের মতো ক্লাবে খেলতে আসা অনেক আন্তর্জাতিক তারকার সঙ্গেও বন্ধুত্ব গড়ে তুলেছেন তিনি।
বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে ছাব্বির আহমেদের এমন উদ্যোগ এবং প্রতিনিধিত্ব নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি শুধু একজন প্রবাসী নন, বরং হয়ে উঠেছেন দেশের গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply