স্বর্ণের গয়না শুধু সৌন্দর্যের বাহক নয়, বরং অনেক সময় জরুরি মুহূর্তে নগদের বিকল্প হিসেবেও ব্যবহার হয়। স্কুল ফি, চিকিৎসা খরচ বা হঠাৎ কোনো বড় ব্যয়ের মুখে পড়লে অনেকেই আশ্রয় নেন তাদের অলংকার বাক্সে থাকা পুরনো হার, কানের দুল বা স্বর্ণের বারের ওপর।
পুরনো গয়নার দাম নির্ভর করে অনেক কিছুর ওপর
প্রথমত, গয়না মানেই অতিরিক্ত খরচ। এর মধ্যে থাকে মেকিং চার্জ, ডিজাইন খরচ, ওয়েস্টেজ এবং অনেক সময় পুরনো হওয়ার কারণে ঘষামাজা বা ক্ষয়ের হিসাব। ফলে আপনি যেভাবে ১০ বছর আগে যে গয়নাটি কিনেছিলেন, এখন সেটি তার মূল দামে বিক্রি হওয়ার সুযোগ কম।
বিশেষজ্ঞরা বলছেন, ‘গয়না ও স্বর্ণের বার এক জিনিস নয়। গয়না হচ্ছে আর্ট, আর বার বা কয়েন হচ্ছে খাঁটি ধাতু।’
এ কারণে স্বর্ণের বার বা কয়েন বিক্রি করলে আপনি প্রায় বাজারমূল্যের কাছাকাছি দাম পেতে পারেন। অন্যদিকে গয়নাতে অনেক সময় ‘স্ক্র্যাপ ভ্যালু’ হিসেবেই দাম নির্ধারিত হয়।
‘টাইমিং’ হতে পারে বড় পার্থক্যের কারণ
বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণেরর দাম দুবাইয়ে প্রতি গ্রাম প্রায় ৩৬৯.৭৫ দিরহাম। কিছুদিন আগেও এই দাম ছিল ৩৭৪-৩৭৬ দিরহামের এর মধ্যে। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বর্তমানে ৩ হাজার ৩৩০ ডলারের আশেপাশে লেনদেন হচ্ছে, যা আগে ছিল ৩ হাজার ৩৭০ ডলারের ওপরে।
বাংলাদেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা। এই পতনের কারণ হিসেবে উঠে আসছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা এবং মার্কিন অর্থনীতির মজবুত তথ্য।
বাজার বিশ্লেষকদের মতে, দাম যদি ৩৬০ দিরহামের নিচে নামে, তাহলে তা হতে পারে সাধারণ ক্রেতাদের জন্য ‘রিইনট্রি পয়েন্ট’। অর্থাৎ তখন আবার বাজারে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।
যেখানে বিক্রি করবেন, সেই জায়গাও গুরুত্বপূর্ণ
দুবাইয়ের মিনা বাজার, আল ফাহিদি সুক, কারামা এবং দেইরার নানা জুয়েলারি দোকানগুলো পুরনো স্বর্ণ বিক্রির জনপ্রিয় কেন্দ্র। তবে যদি আপনি স্বর্ণের কয়েন বা বার বিক্রি করতে চান, তাহলে বুলিয়ন ডিলাররাই ভালো দামে কিনতে পারেন। সতর্কতা একটাই, যেখানেই বিক্রি করুন না কেন, যেন তারা লাইসেন্সপ্রাপ্ত হয় এবং খোলা বাজারে দামের হিসাব পরিষ্কার দেয়।
অনেক দোকান গোপনে মেকিং চার্জ বা ওয়েস্টেজ চার্জ কেটে নেয়। বিক্রির আগে এগুলো পরিষ্কার করে নেয়া জরুরি।
একজন সচেতন বিক্রেতা যা করবেন
স্বর্ণের দৈনিক বাজারদর অনলাইনে যাচাই করুন
গয়নার ওজন, ক্যারেট ও বিশুদ্ধতা জানুন
যদি প্রাচীন বা ডিজাইনার গয়না হয়, বিশেষজ্ঞের মূল্যায়ন নিন
প্রত্যেকটি গয়নার ছবি তুলুন, ওজন নথিভুক্ত রাখুন
কমপক্ষে ৩টি দোকানে দাম যাচাই করুন
দর কষাকষি করুন, বিশেষ করে বড় পিসের ক্ষেত্রে
হলমার্ক বা সরকারি শিলমোহর থাকলে দাম বেশি পাওয়া যাবে
শুধু রেজিস্টার্ড ও বিশ্বাসযোগ্য বিক্রেতাদের কাছে বিক্রি করুন
অতিরিক্ত চার্জ (মেকিং/হ্যান্ডলিং) সম্পর্কে আগেই জেনে নিন
বিশ্লেষকরা মনে করছেন, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারে স্বর্ণের গড় দাম থাকতে পারে ৩ হাজার ৬৩ ডলারের মতো, আর ২০২৬ সাল নাগাদ তা পৌঁছাতে পারে ৩ হাজার ৩৫০ পর্যন্ত। এমনকি অস্থায়ীভাবে দাম যদি ৩ হাজারেও নামে (যা দুবাইয়ে প্রতি গ্রাম ৩৫৫ দিরহামের মতো), তাও দীর্ঘমেয়াদে তা আবার উঠে আসার সম্ভাবনা রয়েছে।
বিনিয়োগের জন্য যারা স্বর্ণ কিনতে চান, তাদের জন্য ৩৬০-৩৬৯ দিরহামের রেঞ্জ এখনই একটি যথেষ্ট গ্রহণযোগ্য স্তর।
১২ বছর ধরে দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী হাসান রফিক (৪৫) বলেন, ‘সন্তানের স্কুল ফি দেয়ার জন্য গত বছর কিছু পুরনো গয়না বিক্রি করি। তবে প্রথম দোকানে গিয়ে খুবই কম দাম বলায় আমি আরও দুটো জায়গায় যাচাই করি। শেষমেশ প্রায় ১৫০ দিরহাম বেশি পেয়ে বিক্রি করি।’
তার মতে, ‘বিক্রি করার সময় একটু সময় আর বোঝাপড়া থাকলে ভালো দাম পাওয়া যায়। দর কষাকষিও দরকার।’
বুঝেশুনে সিদ্ধান্তই বুদ্ধিমানের কাজ
পুরনো স্বর্ণ বিক্রি করে আপনি কিছুটা নগদ পেতে পারেন, যা হয়তো আপনার ছুটির খরচ বা জরুরি কোনো দায় মেটাতে সাহায্য করবে। তবে বিক্রি করার আগে বাজার বুঝে চলা, দর কষাকষি করা এবং নিরপেক্ষ মূল্যায়নের ব্যবস্থা করা এই তিনটি বিষয় আপনাকে ঠকানোর হাত থেকে রক্ষা করতে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, ২০২৫ সালের মাঝামাঝি বিশ্ববাজারে অস্থিরতা কিছুটা কমলেও স্বর্ণের চাহিদা কমবে না। তাই হয়তো এখনই বিক্রির সেরা সময় নয়, তবে পরিকল্পনা থাকলে, সময় বুঝে পদক্ষেপ নিলে পুরনো স্বর্ণই হতে পারে নতুন সমাধান
Leave a Reply