আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ভেনেজুয়েলা থেকে চেভরনের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কানাডায় উৎপাদন বন্ধ থাকায় সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে। তবে ওপেক+ এর সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা বাজারে ভারসাম্য তৈরি করেছে। খবর রয়টার্স
বুধবার (২৮ মে) লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়েছে ৫৪ সেন্ট বা ০.৮ শতাংশ, যা দাঁড়িয়েছে ৬৪.৬৩ ডলারে। অপরদিকে, নিউ ইয়র্কের বাজারে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ৬৪ সেন্ট বা ০.৯ শতাংশ, যা এখন ৬১.৪৫ ডলারে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন একটি অনুমোদন জারি করেছে, যাতে চেভরন ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম বজায় রাখতে পারলেও তারা তেল রপ্তানি বা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারবে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত সরাসরি চেভরনের তেল সরবরাহে প্রভাব ফেলবে।
বুধবার ওপেক এবং এর মিত্র দেশগুলোর (ওপেক+) একটি পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সূত্র জানিয়েছে, আট সদস্য দেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার অনুষ্ঠিত হতে পারে, যেখানে জুলাই মাসের জন্য উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে তেলের চাহিদা বাড়বে। একই সঙ্গে কানাডার দাবানল এবং ওপেকের বাইরের দেশের উৎপাদন স্থবির থাকায় ওপেক+ দেশগুলোর ওপর নির্ভরতা বেড়েছে।
রিস্ট্যাড এনার্জির ভাইস প্রেসিডেন্ট জানিভ শাহ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ওপেক+ এর কাছ থেকে তেলের চাহিদা বাড়ছে। সরবরাহ বিঘ্নিত হলে দাম আরও বাড়তে পারে।’
অন্যদিকে, গোল্ডম্যান স্যাচসের বিশ্লেষকরা ধারণা করছেন, জুলাইয়ে উৎপাদন বৃদ্ধির পর বাকিরা তা স্থির রাখতে পারে। নতুন কিছু প্রকল্প বাজারে আসবে, যার ফলে সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে।
তবে তারা সতর্ক করেছেন, যদি ওপেক সদস্যদের মধ্যে উৎপাদন শৃঙ্খলা বজায় না থাকে বা বাজারে প্রকৃত চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে সরবরাহে চাপ তৈরি হতে পারে।
বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে মার্কিন পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দিতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কূটনৈতিক অগ্রগতি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে পারে এবং দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
Leave a Reply