গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন গতিময় এই পেসার। অল্প কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে এসেছেন টাইগার এই স্পিডস্টার। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।
আগামী ১১ই এপ্রিল থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের আসরে বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা। যার ছাড়পত্র বিসিবি থেকে এরই মধ্যে পেয়েছেন তিনি। একইসঙ্গে ছাড়পত্র পেয়েছেন পিএসএলে দল পাওয়া লিটন দাস এবং রিশাদ হোসেনও।
জানা গেছে, নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে ২৬ এপ্রিল পাকিস্তান সফরে যাবেন। এছাড়া লিটন দাস করাচি কিংসের ডাগআউটে যোগ দেবেন ৮ এপ্রিল। রিশাদ হোসেন অবশ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আগামীকাল ডিপিএলের ম্যাচ খেলে যোগ দিবেন লাহোর কালান্দার্সে।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের ড্রাফট। যেখানে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়।
Leave a Reply