পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছে সংস্থাটির কিছু কর্মকর্তার।
বুধবার বেলা ১১টার পর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করেন জুনিয়র কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) অবরুদ্ধ আছেন শীর্ষ কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত জানান। বিএসইসিতে নতুন কর্তৃপক্ষ যোগ দেয়ার পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেছেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়ার কথা বলাও যাচ্ছে না। একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া আনুমানিক ১০–১২ জনকে আটক করে ভবনের গ্রাউন্ড ফ্লোরে নিতে দেখা গেছে। ভবনের সামনে এখন সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। ভেতরেও অভিযান চলছে।
জানা গেছে, সাইফুর রহমানকে কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তার জবাব চান কর্মকর্তা–কর্মচারীরা। কেউ কেউ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন।
Leave a Reply